সুপারটেনে সাফল্য না আসায় অসন্তুষ্ট হলেও, টি-টোয়েন্টিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের যে কোনো দলের বিপক্ষে জয় পাওয়ার আত্মবিশ্বাস এনে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার সকালে বিমানবন্দরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিশ্বকাপের মাঝপথে দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের নিষিদ্ধ হওয়াটাও টাইগারদের খেলায় প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশ দলপতি।
দলের ও নিজের ভবিষ্যৎ নিয়ে মাশরাফির আশা, ছোটখাট ভুলগুলো শুধরাতে পারলে টি-টোয়েন্টিতেও যে কোনো দলকেই হারাতে পারবেন তারা।
টি টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে চমৎকার পারফরম্যান্স থাকলেও, সুপারটেনে বড় দলগুলোর বিপক্ষে খুব একটা সফলতা আসেনি টাইগারদের। বিশেষ করে ভারতের কাছে মাত্র এক রানের হার হতাশ করেছে ভক্তদের। সে হারের যন্ত্রণায় পুড়েছেন মাশরাফিরাও।
তাই ব্যর্থতার ঝোলা কাধে নিয়ে আজ দেশে ফিরেই টাইগার অধিনায়ক সাংবাদিকদের জানান, ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও এমন হারের কারণ ভালো ফিনিশিং দিতে না পারা।