টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটসম্যান-বোলারদের কারো কারোর ব্যক্তিগত সাফল্য উজ্জ্বল হলেও, দলের সামগ্রিক পারফরমেন্স প্রত্যাশিত হয়নি।
কারণ হিসেবে দেশের সাবেক ক্রিকেটাররা বলেছেন, কৌশলগত কয়েকটি ছোট ভুলের কারণে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে হারতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে ভারতের কাছে মাত্র ১ রানের হারটি ছিল অবিশ্বাস্য।
এই হারে মানসিক চাপে থাকায় শেষ ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে বলে অভিমত তাদের। তাছাড়া অধিনায়ক মাশরাফির অবসর নিয়ে ভিন্ন মত ক্রিকেট বোদ্ধাদের।
৬ ম্যাচে তামিম ইকবাল ২৯৫ রান নিয়ে, টি-২০ বিশ্বকাপের সেরা ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন এক নম্বরে। পাশাপাশি ১০ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। সেইসঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়ে আবারো আলোচনায় উঠে এসেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
তবে ব্যক্তিগত নৈপুন্যের প্রতিফলনটা ঠিক সেভাবে পড়েনি দলীয় ফলাফলে। আসরের শুরুটা দেখার মতো হলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন ৭০ রানে গুটিয়ে যাওয়া আর ভারতের কাছে মাত্র ১ রানে হারের আক্ষেপ নিশ্চয়ই অনেকদিন তাড়িয়ে বেড়াবে মাশরাফি বাহিনীকে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ছোট ছোট কিছু ভুলের কারণে সুপার টেনের ফলাফল আশানুরূপ হয়নি।
বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, এমন গুঞ্জন অনেক দিন থেকেই। ম্যাশের অবসরের ব্যাপারে অবশ্য ভিন্নমত ক্রিকেট বিশেষজ্ঞদের।