টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই শুরু হচ্ছে আগামীকাল (বুধবার)। প্রথম সেমিতে গ্রুপ ২ এর চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে মোকাবেলা হবে গ্রুপ ১ এর রানার আপ ইংল্যান্ডের।
এদিকে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমির লড়াইও শুরু হচ্ছে বুধবার। প্রথম সেমিতে মুখোমুখি হবে দুই ফেভারিট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শুরু হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ। টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এবারের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ অব ডেথের একমাত্র অপরাজিত দল ব্ল্যাক ক্যাপসরা। ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো পেসারদের সঙ্গে স্যান্টনার ও ইশ সোদির স্পিনে, বৈচিত্র্যপূর্ণ তাদের বোলিং ডিপার্টমেন্ট। ব্রেন্ডন ম্যাককালামের পর দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে সাফল্যের সঙ্গেই দলকে পরিচালনা করছেন কেইন উইলিয়ামসন।
এদিকে, ক্রিস গেইলের অতিমানবীয় ইনিংসে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে ইংল্যান্ড। এরপর বেশ ভাল ভাবে ঘুড়ে দাঁড়িয়েছে তারা। দুই দলে নেই কোনো ইনজুরি সমস্যা।