শহীদ আফ্রিদির জায়গায় সারফারাজ আহমেদের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে এই উইকেট-কিপার ব্যাটসম্যানকে।
আগে থেকেই ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্বে আছেন সারফারাজ। এবার টি-টোয়েন্টিতে হলেন অধিনায়ক। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর বড় ধরনের রদ-বদল চলছে পাকিস্তান ক্রিকেটে।
সোমবার লাহোরে পিসিবি কর্মকর্তাদের বৈঠকের পর, বাতিল করা হয়েছে পুরো সিলেকশন কমিটি। চুক্তি শেষ হওয়ার তিন মাস আগেই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ওয়াকার ইউনূস।
এর আগের দিন অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন শহীদ আফ্রিদিও। খেলা চালিয়ে যাবার কথা বললেও, টি-টোয়েন্টিতে আফ্রিদিকে আবার কবে দেখা যাবে তা অনিশ্চিত।
এদিকে, নতুন কোচ খুঁজতে পিসিবিকে সহায়তা করবেন ওয়াসিম আকরাম।