ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বার্সেলোনাকে জানিয়ে দিয়েছে যে তারা আগামী জুনে কোপা আমেরিকা এবং আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক এই দুটি আসরেই নেইমারকে চায়।
এর আগে গত শুক্রবার বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তামেউ জানিয়েছিলেন, বার্সেলোনা কেবল একটি টুর্নামেন্টে খেলার জন্য নেইমারকে ছাড়পত্র দেবে।
কারণ হিসেবে বার্তামেউ বলেন, অলিম্পিক কোনো ফিফা স্বীকৃত জাতীয় দলের ফুটবল টুর্নামেন্ট নয়। তাই বার্সেলোনা নেইমারকে অলিম্পিকের জন্য ছাড়পত্র দিতে বাধ্য নয়।
এ সংক্রান্ত একটি চিঠি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে দেয় কাতালানরা। তবে ক্লাব ছাড় দিতে না চাইলেও কোপা আমেরিকা ও অলিম্পিক, দুই টুর্নামেন্টেই জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন নেইমার। আর নেইমারকে পেতে সম্ভাব্য সব রকম পন্থা অবলম্বন করতে চায় সিএফবি। এর আগে কখনোই অলিম্পিক ফুটবলে স্বর্ণ জেতেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার সেই আক্ষেপ ঘোঁচাতে চায় সেলেকাওরা।