আইপিএল মাতাচ্ছেন বাংলাদেশের বিষ্ময় বালক মুস্তাফিজুর রহমান। তার প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রিকেট রথী-মহারথীরা। কাটার মাস্টার ‘ফিজ’-কে নিয়ে উচ্ছসিত হায়দ্রাবাদ সানরাইজার্সের সতীর্থরাও।
উইকেট হয়তো বেশি পাচ্ছেন না। ৪ ম্যাচে উইকেট ৫টি। তবে রান দেয়ার হিসেবে সবচেয়ে কৃপণদের একজন মুস্তাফিজ। ওভার প্রতি ৬ দশমিক ছয় তিন রান। তার কাটার-স্লোয়ারের মায়াবী বিভ্রান্তিতে হরহামেশাই বোকা বনছেন বিশ্ব ক্রিকেটের স্টার-সুপারস্টাররা।
হায়দ্রাবাদ অধিনায়ক ওয়ার্নার মুগ্ধ তার দলের এই বিরল প্রতিভাবান বোলারের কারিশমায়।
মুস্তাফিজের স্লোয়ারে মুগ্ধ ভক্ত সতীর্থ ভুবনেশ্বরও বলেন, ফিজের কাছে শেখার চেষ্টা করছেন। তবে মুস্তাফিজ যেভাবে এটা করে অন্যরা সেটা পারে না। তার স্লোয়ারগুলো বুঝতে পারা খুব কঠিন।
এশিয়া কাপ থেকেই মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ ম্যাথু হেইডেন। তিনি বলেন, চলতি আসরের সেরা বোলার এই ওয়ান্ডার বয়।
আর ধারাভাষ্যকার অ্যালেন উইলকিন্স প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুস্তাফিজকে তুলনা করেছেন পোলভল্টে ৩৫ বার বিশ্বরেকর্ড গড়া কিংবদন্তী সের্গেই বুবকার সঙ্গে।
তিনি বলেন, বুবকার মতোই নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়ার লড়াই এই বিস্ময় বালকের।
এখন আরেক সাবেক কিউই পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনের মতই সবাই দেখতে চান ইয়ং টাইগার মুস্তাফিজ নিজেকে আরও কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন।