স্প্যানিশ লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনি। ফলে লা লিগার শিরোপা নির্ধারণী শেষের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকতে পারবেন না অ্যাতলেটিকো ম্যানেজার।
শনিবার মালাগার একটি আক্রমণের সময় বল বয়কে আরেকটি বল থ্রো করার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ ওঠে সিমিওনির বিপক্ষে। সে সময়ই তাকে মাঠ থেকে বের করে দর্শকদের বসার স্ট্যান্ডে পাঠিয়ে দেন ম্যাচ রেফারি। ১-০ গোলে ম্যাচটি জিতলেও সুসংবাদ নেই সিমিওনির শিষ্যদের জন্য।
৩০ এপ্রিল রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যাচের সময় কোচকে সঙ্গে পাবে না অ্যাতলেটিরা। লেভান্তে আর সেল্টা ভিগোর বিপক্ষেও মাঠে থাকতে পারবেন না সিমিওনি। বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্ট নিয়ে শিরোপা দৌঁড়ে টিকে আছে অ্যাতলেটিকো।
তবে শিরোপা জিততে শেষ তিনটি ম্যাচ জেতার পাশাপাশি, বার্সার পয়েন্ট খোয়ানোর আশায় থাকতে হবে তাদের।