অ্যাওয়ে গোলের সাহায্যে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে হারলেও, দুই লেগ মিলিয়ে ২-২ গোলের অ্যাগ্রিগেটে ১৮ মে'র ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের।
এ ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হতো বায়ার্ন মিউনিখকে। জাবি আলোনসোর ফ্রি কিক থেকে প্রত্যাশা অনুযায়ী লিড পেয়েছিল স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করে লিড বাড়াতে ব্যর্থ হয়েছেন টমাস মুলার।
দ্বিতীয়ার্ধে অ্যান্তোনি গ্রিজম্যানের গোলে সমতায় ফিরেছে স্পেইনের ক্লাবটি। এরপর রবার্ট লেওয়ানডোস্কির হেডে ব্যবধান বাড়িয়েছে বায়ার্ন।
তবে ফাইনালে উঠতে আরও একটি গোলের প্রয়োজন মেটাতে পারেনি পেপ গার্দিওলার দল।
গত তিন বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো স্পেইনের ক্লাবটি। আর ঘরোয়া লিগে সফল হলেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না জিতেই বায়ার্ন মিউনিখ অধ্যায় শেষ করতে হবে পেপ গার্দিওলার।