ভারত সিরিজের মাত্র একদিন আগে প্রধান কোচ ডেভ হোয়াটমোর ও অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজাকে বরখাস্ত করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার দায়ে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জেডসি।
বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পারফরম্যান্সের রিভিউর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাখায়া এনটিনি ও অধিনায়ক হিসেবে গ্রায়েম ক্রীমারকে নিয়োগ দিয়েছে জেডসি।
আর ব্যাটিং কোচ হিসেবে ল্যান্স ক্লুজনারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে তারা। এছাড়াও দেশটির সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুকে আহবায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বছরের মার্চে ভারতে হয়ে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে উঠতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। তাদের টপকে সেরা দশে খেলা নিশ্চিত করে আফগানিস্তান।
টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৪৩ রান করেন মাসাকাদজা। এর মধ্যে দুবার রান-আউট হন তিনি।