ডোপিংয়ে জড়িত না থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে রুশ অ্যাথলিটদের অলিম্পিক গেমসে অংশ নেয়ার সুযোগ দিতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এমনই আভাস দিয়েছেন আইওসি'র প্রধান টমাস বাখ।
এতে বলা হয়, ডোপ টেস্টে নির্দোষ প্রমাণিত হলে রাশিয়ার ওপর আইএএএফ এর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেদেশের অ্যাথলিটদের গেমসে অংশ নেয়ার সুযোগ দিতে পারে আইওসি। ১৭ জুন ভিয়েনায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশনস-আইএএএফ এর কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
গেল নভেম্বরে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার পর থেকে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে এসেছে রুশ সরকার। ডোপিংয়ের সমস্যা কেবল রাশিয়ার নয়, পুরো বিশ্বের- এমনটাই যুক্তি তাদের।
সম্প্রতি বৃটিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো।