ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খ্যাত ইউরো-২০১৬ এর পর্দা উঠছে আজ (শুক্রবার)। উদ্বোধনী ম্যাচে লড়াই রোমানিয়া ও স্বাগতিক ফ্রান্সের। খেলা শুরু হবে রাত একটায়। এবারের আসরেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে সব থেকে বেশী ২৪টি দল।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় আয়োজক ফ্রান্স এবারের টুর্নামেন্টে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
ইউরো চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে এভাবেই নিরাপত্তামূলক পরীক্ষা চালাচ্ছে ফ্রান্স। স্পেশাল ফোর্সের সঙ্গে স্বেচ্ছাসেবকরাও অংশ গ্রহন করেছে এই ড্রিলে। ইউরোতে যেকোনো ধরনের সন্ত্রাসী আগ্রাসন ঠেকাতেই এ ব্যবস্থা।
ইউরো নিয়ে ফ্রান্সের এ আগাম উদ্বেগের মূল কারণ আইএসের হুমকি। এছাড়াও সোমবার এক ফরাসীকে ইউক্রেনের পোল্যান্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইউরো চলাকালে অন্তত ১৫ স্থানে হামলার পরিকল্পনা ছিল তার।
তবে নিরাপত্তার বাড়াবাড়ি যতই থাকুক না কেন, এটা যে ইউরো। ইউরোপের সবগুলো হেভিওয়েটের লড়াই দেখা যায় ৪ বছর পরপর। আর এবারের ১৫ তম প্রতিযোগীতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২৪ দেশ। খেলা হবে ফ্রান্সের ১০টি শহরে।
তৃতীয় বারের মতো ইউরো আয়োজন করছে ফ্রান্স। এর আগে ১৯৮৪ সালে নিজেদের মাটিতে ইউরো জিতেছিল তারা।
সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন জার্মানী ও স্পেইন। ২০০৮ ও ২০১২এর পর হ্যাটট্রিক শিরোপার মিশন এখন স্প্যানিয়ার্ডদের। আর যারা এবার চ্যাম্পিয়ন হবে তারা ২০১৭'র ফিফা কনফেডারেশন্স কাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
এগিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। যতোই থাকুক হুমকি-ধামকি, নিরাপত্তার উদ্বেগ ফ্রান্স সরকারের ওপর চাপিয়ে ফুটবল নিয়ে মেতে উঠতেই তৈরী দা বিউটিফুল গেইমের ভক্তরা।