শুরু হলো ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো-২০১৬।
উদ্বোধনী ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ফ্রান্স— স্বাগতিক ফ্রান্সের ১০টি শহরে বসেছে এ আসর।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ইউরোর ১৫তম আসরের। আর প্রথম ম্যাচেই রোমানিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা হলো ফ্রান্সের।
এবারের ইউরোর প্রথম গোলটি করেন ইংলিশ ক্লাব আর্সেনালে খেলা ফ্রেঞ্চ ফরোয়ার্ড অলিভিয়ের জিরু। এরপর বোগরান স্ট্যান্কু সমতায় ফেরায় রোমানিয়াকে। তবে ৮৯ মিনিটে ডিমিট্রি পায়েটের অসাধারণ এক গোল জয় এনে দেয় দা ব্লুদের।
প্রথমবারের মতো এবারের ইউরোতে অংশ নিচ্ছে ২৪টি দল। প্রথম পর্বে ৬টি গ্রুপে খেলবে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপদের সঙ্গে তৃতীয়দের সেরা ৪টি মোট ১৬টি দল উঠবে নক আউট পর্বে। ফ্রান্স এ নিয়ে তৃতীয় বারের মতো ইউরো আয়োজন করছে।
এর আগে সবশেষ ১৯৮৪ সালে ইউরোর স্বাগতিক ছিল ফ্রান্স।