দুই বছর পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। এবারের সিপিএলে তাঁকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াস। ২৬ জুন ক্যারিবীয়ান অঞ্চলের লিগ খেলতে রওনা হওয়ার কথা রয়েছে সাকিবের।
১ লক্ষ ১০ হাজার ডলারে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব। তাঁর সঙ্গে একই দলে রয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা ও পেসার লাসিথ মালিঙ্গাদের মতো রথী-মহারথীরা। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব।
সেবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলিং ফিগার।
সাকিবের পাশাপাশি এবারের সিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তামিম, মুশফিক, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ, সৌম্য ও ইমরুলেরও নাম ছিল। তবে তারা দল পাননি।