লিওনেল মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। তিনি মনে করেন কমপক্ষে ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত মেসির খেলা উচিত। জাতীয় দলকে দেয়ার মতো এখনো অনেক কিছুই আছে তার।
এদিকে, মেসিকে ফোন করে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি।
পরপর ৩টি বড় টুর্নামেন্টের ফাইনালে তুলেও দলকে শিরোপা জেতাতে পারেননি আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। সোমবার কোপার শতবর্ষী টুর্নামেন্টের ফাইনালে চিলির কাছে হেরে যায় আলবিসেলেস্তারা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হন এলএম টেন।
ক্লাব বার্সেলোনার হয়ে সাফল্যের চুড়ায় পৌঁছালেও জাতীয় দলের শিরোপা ক্ষরায় হতাশ মেসি ঘোষণা দিয়ে বসেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। মেসির এই ঘোষণার পর থেকেই, বিশ্বজুড়ে তার ভক্ত, সমর্থকদের মধ্যে হাহাকার পড়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে এমন চরম সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানাচ্ছেন সবাই।
মেসির অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ফুটবল গ্রেট দিয়েগো ম্যারাডোনাও। কিছুদিন আগেই যিনি মেসির নেতৃত্ব দেয়ার মতো ব্যক্তিত্ব নেই বলে সমালোচনা করেছিলেন।
তবে মেসির অবসরের সিদ্ধান্তের পর পাঁচ বারের ব্যালন ডি অর জয়ীকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে ম্যারাডোনা।
২০১০ বিশ্বকাপে মেসির কোচ স্থানীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘জাতীয় দলের হয়ে মেসির খেলা চালিয়ে যাওয়া উচিত। কারণ এখনো তার দেশকে অনেক দেয়ার আছে।’
এদিকে, মেসির অবসরের ঘোষণার খবর শোনার পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি ফোন করেছেন লিওনেল মেসিকে। তিনিও অনুরোধ করেছেন, মেসি যেনো তার সিদ্ধান্ত থেকে সড়ে আসেন।
শুধু আর্জেন্টিনার জনগণই নয়, সারা বিশ্বের ফুটবল ভক্তরাই চান আবারো আকাশি সাদা জার্সিতে খেলবেন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।