প্রথমবারের মতো প্রিমিয়ার বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হলো মেরিনার ইয়াংস। শিরোপা নির্ধারনী নাটকীয় ম্যাচে ৩-২ গোলে তারা হারিয়েছে জায়ান্ট উষা ক্রীড়াচক্রকে। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে আনে মেরিনার্স।
বাংলাদেশের ঘরোয়া হকিতে অত্যন্ত পরিচিত ক্লাব মেরিনার্স ইয়াংস। কিন্তু এতদিন তাদের ঝুলিতে ছিল না হকি লীগের শিরোপা। এবার সে অপূর্নতা কাটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো দলটি।
লিগে নিজেদের শেষ ম্যাচে জায়ান্ট উষার বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো মেরিনার্স। তবে, ড্র নয় ম্যাচ জিতেই হকির শিরোপার স্বাদ পের মেরিনার ইয়াংস। ৪৩ পয়েন্ট নিয়ে লিগ সেরা হয়েছে মেরিনার্স আর ৩৮ পয়েন্ট নিয়ে রানর্সআপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন উষা।
তবে,শুরুটা ভালো ছিলনা মেরিনার্সের। ১৫ মিনিটের মধ্যেই ২ গোলে পিছিয়ে পড়েছিল তারা। উষার হয়ে গোল করেছিলেন হাসান জুবায়ের নিলয় ও পুষ্কর ক্ষিসার মিমো। ২৬ মিনিটে মেরিনার্সের ওয়াকাস গোল করে ব্যবধান কমান।
তবে এরপরই হকির পুরনো ছবি দেখা গেল গ্যালারিতে। রেফারির সিদ্ধান্তে খুশি হতে না পেরে মেরিনার্সের সমর্থক ও কর্মকর্তারা গ্যালারীর চেয়ার ভাঙচুর করেন। একপর্যায়ে তাদের তান্ডব ভিআইপি গ্যালারীতেও ছড়িয়ে পড়ে। প্রায় ১৬ মিনিট বন্ধ থাকার পর ফেডারেশন ও দুই ক্লাবের কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে পুনরায় মাঠে গড়ায় খেলা।
দ্বিতীয়ার্ধে খুঁজে পাওয়া যায়নি উষাকে। মেরিনার্সের আক্রমণের ঢেউয়ে দিশেহারা হয়ে পড়ে উষা। ৫০ ও ৬৮ মিনিটে গোল করে মেরিনার্সকে জয় এনে দেন আরশাদ ও ইশতিয়াক।