ঈদের ছুটি পরিবারের সঙ্গেই উপভোগ করছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। নিজ নিজ জেলায় খুশির এ উপলক্ষের অমূল্য সময়টুকু ভক্ত-শুভানুধ্যায়ীদের ভালবাসায় সিক্ত হয়ে কাটিয়েছেন মাশরাফি, মুশফিক, সাব্বির রহমানরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে দেশের বাইরে থাকা সাকিবও সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
খেলার কারণে দেশের বাইরে না থাকলে নিজ জেলা নড়াইলেই প্রতিবার ঈদ উৎযাপন করেন মাশরাফি। এবার অবশ্য ঈদে বাড়ি ফেরার টিকেট পাওয়া নিয়ে ঝামেলায় পড়তে হয়েছিল তাকেও।
নড়াইল এক্সপ্রেস ঈদের নামাজ পড়েছেন নিজ জেলাতেই। ছেলে সাহিল মোর্তাজাসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে এসেছিলেন নামাজে। ছুটির এ অমূল্য মুহূর্তটি একান্তই পরিবারের জন্য বরাদ্দ থাকলেও মাশরাফিকে কাছে পেয়ে খুশি হয়েছেন তার এলাকার লোকজন।
নড়াইলের মতো সৌভাগ্য হয়নি মাগুরাবাসীদের— সাকিবকে কাছে পাননি তারা। সিপিএল খেলতে সাকিব রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। নিজ জেলায় ঈদ করতে না পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
বগুড়ার ছেলে মুশফিক ঈদ করছেন তার এলাকাতেই। ঈদের নামাজ পড়ার ঠিক আগ মুহূর্তে ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন।
ব্যতিক্রম নন নাসির হোসেন- তাসকিন আহমেদসহ জাতীয় দলের বাকি ক্রিকেটাররা। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ভক্তদেরকেও জানিয়েছেন শুভেচ্ছো।
এদিকে, আনন্দের দিনে বিষাদের ছায়া নেমে এসেছে মুস্তাফিজুর রহমানের বাড়িতে। তার বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মুস্তাফিজের চাচাতো ভাই। সাসেক্সের হয়ে খেলতে কিছুদিন পরই ইংল্যান্ড যাবেন কাটার মাস্টার। তার আগে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চেয়েছিলেন তিনি।