সাসেক্স শার্কসের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ড পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান।
চেমসফোর্ডে আজ রাত ১২টায় এসেক্স ঈগলসের বিপক্ষে অভিষেক হতে পারে বাংলাদেশের আইকনিক এই পেসারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবটির অফিশিয়াল পেইজে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে।
ভিসা জটিলতার কারণে দীর্ঘ অপেক্ষার পর বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন মুস্তাফিজ। ১৩ ঘণ্টার যাত্রা শেষে লন্ডনে পৌঁছান কাটার মাস্টার।
বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় সাসেক্স শার্কসের প্রতিনিধি দল। পরে ক্লাবে গেলে ‘দ্য ফিজ’ এর হাতে তার জার্সি তুলে দেয়া হয়।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ছাড়াও সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও অংশ নেবেন সাতক্ষীরার এ তরুণ।
এবারের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে ৭টি ম্যাচ খেলবেন মুস্তাফিজ। সাকিব ও তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাঁহাতি এই পেসার।