দুবাইয়ে ১৪তম জুনিয়র দাবা টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের ফাহাদ রাহমান। ভারতের রাহুল শ্রীভাতশভের বিপক্ষে ফাহাদ নিজের ‘কুইন’ বিসর্জন দেয়ার মতো সাহসী সিদ্ধান্তের মাধ্যমে জয় ছিনিয়ে নেন।
শুরু থেকে তালিকার শীর্ষে থাকা রাহুলের চেয়ে শূণ্য দশমিক পাঁচ পয়েন্ট বেশি পেয়ে অনূর্ধ্ব ১৪ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন তিনি।
এ প্রতিযোগিতায় ১২টি দেশের ১১০ ক্ষুদে দাবাড়ু অংশ নেন। ৯ রাউন্ডের এই টুর্নামেন্টে তৃতীয় বাছাই ফাহাদের পয়েন্ট ৮। এর মধ্যে তিনি সাতটি জয় ও দুটি ম্যাচে ড্র করেছেন।
রোববার ইউক্রেনের ফিদে মাস্টার ম্যাটভিশেন ভিক্টরের সঙ্গে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসেন ফাহাদ। ১০ হাজার মার্কিন ডলারের দুবাই ওপেন জিতে, এক লাখ ৫৭ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছেন ফাহাদ।
এছাড়াও শেখ শাখতুম বিন হামদান আল মাকতুম কাপ ও একটি স্বর্ণপদকও পেয়েছেন তিনি। টুর্নামেন্টে ফাহাদের পৃষ্ঠপোষক ছিল মাহিন্দ্র কমভিবা।