ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে, মুনির এল হাদ্দাদির জোড়া গোলে লেস্টার সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
দিনের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও এসি মিলানকে ৩-১ গোলে পরাস্ত করেছে চেলসি।
লিওনেল মেসির সহায়তায় বার্সাকে প্রথম লিডটি এনে দেন মুনির এল হাদ্দাদি। কিছুক্ষণের মধ্যেই লিড দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। বার্সার তৃতীয় গোলটি আসে কাউন্টার অ্যাটাক থেকে।
ম্যাচে মুনিরের দ্বিতীয় গোলে ৩-০ তে এগিয়ে যায় কাতালানরা। বিরতির পর দর্শনীয় গোলে সবাইকে তাক লাগিয়ে দেন লেস্টারের আহমেদ মুসা। ফক্সদের দ্বিতীয় গোলটিও তিনিই করেছেন।
তবে মুসার দুই গোলে হার এড়াতে পারেনি লেস্টার। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে, রাফা মুহিকার গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করে বার্সা।
দিনের আরেক ম্যাচে, দানিলোর একমাত্র গোলে, বায়ার্ন মিউনিখকে পরাস্ত করেছে রিয়াল মাদ্রিদ।
এদিকে অস্কারের জোড়া গোলে এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে চেলসি।