লন্ডনের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার মোস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে তাকে সাহস যোগাতে সবার আগে ফোন করে খোঁজ নিয়েছিলেন টাইগার প্রধান মাশরাফি বিন মোর্তুজা। এরপর দল ও দেশ থেকে শুভকামনা পৌঁছেছে অনেক।
তবে অপারেশনের আগে বিশেষ আরো একজনের শুভকামনা পেলেন আইপিএলের দি ফিজ। তাকে ফোন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে ফোনে প্রধানমন্ত্রী মোস্তাফিজকে বলেন, ভয় পেয়ো না, সুস্থ হয়ে শিগগিরই তুমি আবার ফিরে আসবে ক্রিকেট মাঠে।
এরপর অস্ত্রোপচারের সর্বশেষ খবর জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে কথা বলেছেন হাসপাতালে উপস্থিত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে। মোস্তাফিজের প্রতি বিশেষ নজর রাখতে প্রধানমন্ত্রী বিসিবি প্রেসিডেন্টকেও পরামর্শ দেন।
একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে মেস্তাফিজের জন্য দোয়া চেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের আগে লন্ডনে অবস্থানরত বিসিবি সভাপতি বুপা হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও রয়েছেন হাসপাতালে মোস্তাফিজের পাশে।
কাটার মাস্টার মোস্তাফিজকে সাহস যোগাতে বুপা হাসপাতাল প্রাঙ্গণে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত রয়েছেন, ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানসহ সাংবাদিকরা।