প্রায় দুই হাজার বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অলিম্পিয়ান সাঁতারু মাইকেল ফেলপস। তিনি এখন আরেক কিংবদন্তী। এককভাবে অলিম্পিকে ১৩তম স্বর্ণপদক জিতেছেন তিনি ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে।
সবমিলিয়ে অলিম্পিকে ২২তম স্বর্ণের মালিক এই মার্কিন। প্রায় দুই হাজার বছর আগে লিউনিডাস অব রোডস নামে প্রাচীন একজন দৌড়বিদ জিতেছিলেন সর্বোচ্চ ১২টি পদক। রিও অলিম্পিকে সেই আদিম রেকর্ড ভেঙে মাইকেল ফেলপস গড়লেন নতুন ইতিহাস।
অলিম্পিকের প্রায় ৩০০০ বছরের ইতিহাসে মাইকেল ফেলপসই কী সেরা? রিওতে ২০০ মিটারের ব্যক্তিগত মেডলি জিতে অলিম্পিক ক্যারিয়ারের ২২তম সোনার চাকতি গলায় ঝোলানো জলমানবকে নিয়ে এমন প্রশ্ন হতেই পারে।
যীশুখ্রিস্টের জন্মের প্রায় ৮০০ বছর আগে, সভ্যতার সূতিকাগার প্রাচীন গ্রিসে গোড়াপত্তন হয়েছিল ভূবনভোলানো অলিম্পিকের। খ্রিস্টের জন্মের আগেই অলিম্পিকে আগমন ঘটেছিল মাইকেল ফেলপসের মতোই আরও একজন অতিমানবের। তার নাম ছিল লিওনিডাস অব রোডস।
৪টি অলিম্পিকে অংশ নিয়েছিলেন লিওনিডাস। সে সময় স্বর্ণের মেডেলের প্রচলন না থাকায় কীর্তিমান লিওনিডাসকে বরন করে নেওয়া হয়েছিল ১২ টি মুকুট দিয়ে। সেই থেকে ২ হাজার ১৬৮ বছর পুরনো এ কীর্তি যে ভাঙা সম্ভব তা যেন ছিল অলীক কল্পনা।
কল্পনাকে বাস্তবে রুপ দিলেন মাইকেল ফেলপস। মনে করিয়ে দিলেন ভুলতে বসা একজন প্রাচীন বীরের নাম। ফেলপসের কীর্তির লক্ষ-কোটি ছবি যেখানে সহজেই পাওয়া যায় সেখানে লিওনিডাসের কোনো অবয়বই আধুনিক বিশ্বে সংরক্ষিত নেই।
পানিতে অদম্য ফেলপসের মতোই দৌড়ে অনবদ্য ছিলেন লিওনিডাস। প্রাচীন বিশ্বে পরিচিত স্তাদিওন ও দিয়াউলস নামে ২০০ ও ৪০০ মিটারে অংশ নিতেন লিওনিডাস। সেই সঙ্গে হপলিতদরোমস নামের আরও একটি দৌড়ে, যুদ্ধের বর্মে সজ্জিত হয়ে প্রচন্ড গরমে দৌড়াতে হতো। সেখানেও অপরাজেয় ছিলেন প্রাচীন এই অ্যাথলিট।
তবে মাইকেল ফেলপসের কাছে পরাজয় মানলেন লিওনিডাস। অলিম্পিকে একক ভাবে ১২টি মুকুট জিতে ছিলেন তিনি। মাইকেল ফেলপস জিতেছেন ১৩টি। সেইসঙ্গে জলমানব আরও ৯টি গোল্ড জিতেছেন দলগত ইভেন্টে।
হাজার বছরের রেকর্ড ভেঙে, মাইকেল ফেলপস কত শত বছরের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করলেন তার উত্তর জানবে আমাদের পরবর্তী প্রজন্ম। হয়তবো এ গ্রহের শেষ দিনপর্যন্ত টিকে থাকবে এই জলমানবের রেকর্ড।
আর সেইসঙ্গে টিকে থাকবে একবিংশ শতকের মানুষেরাও। কেননা তাদের যে সৌভাগ্য হয়েছিল, মাইকেল ফেলপস প্রজন্মের সাক্ষী হবার।