অবশেষে ফিরে আসল মেসি। সবারই ছিল এক ডাক, ‘ফিরে এসো মেসি। কেউ বৃষ্টিতে ভিজে প্ল্যাকার্ড নিয়ে তার যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে থাকলো। কেউ দীর্ঘ আবেগময়ী চিঠি লিখলো। কেউ ইভেন্টের পর ইভেন্ট খুললো। কেউ সভার পর সভা, র্যা লির পর র্যা লি করলো। কেউ স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিয়েছিল। কেউ হ্যাশট্যাগের পর হ্যাশট্যাগ চালু করলো। তাহলে কি হলো অবশেষে কথা রাখল সবার প্রিয় ফুটবল তারকা মেসি।
‘আলবিসেলেস্তে’ সমর্থকদের উদ্বেগও তাই ছিল, লিওনেল মেসি কি আদৌ আকাশি-সাদা জার্সিতে আবার দেখা দেবেন? দিলেও সেটি কবে?
প্রশ্নগুলোর উত্তর নিজেই দিয়ে দিলেন মেসি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বার্সেলোনা ফরোয়ার্ড আবার জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। মেসির ব্যবস্থাপনা সংস্থা তার বিবৃতি প্রকাশ করেছে, যাতে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘অবসর নেয়ার ব্যাপারটা বেশ গুরুত্বের সঙ্গেই ভেবেছিলাম। কিন্তু দেশের প্রতি, এই জার্সিটার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি।’
গত জুনে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পর হঠাৎই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে দলের প্রাণভোমরাকে আবারো ফেরানোর ব্যাপারে কথা বলতে বার্সেলোনায় এসেছিলেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা। আর্জেন্টিনা ভক্তদের সুখবরের আভাসও আগেই দিয়ে রেখেছিলেন।
বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে আলাপ-আলোচনার পর বাউজার বিশ্বাস ছিল, মেসি ফিরবেন, এবং সেটি সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগেই হতে পারে।
গত বৃহস্পতিবার মেসির সঙ্গে কথা বলার পর দেশে ফিরে সাংবাদিকদের বাউজা বলেন, ‘আমার মনে কোনো সংশয়ই নেই যে, ও (মেসি) আবারো জাতীয় দলের হয়ে খেলতে চায়। ফেরার জন্য ওর মধ্যে আকুলতা দেখেছি আমি।’
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার হুয়ান গাম্পার ট্রফিতে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচটি ন্যু ক্যাম্পের গ্যালারিতে বসেই দেখেছেন বাউজা। নতুন কোচের সামনে বেশ আলোও ছড়ালেন মেসি, বার্সেলোনার ৩-২ গোলে জয়ের জোড়া গোল করেছেন, সুয়ারেজের গোলটিতেও সহায়তা করেছেন দুর্দান্ত ওভারহেড কিকে। ম্যাচের পর মেসির সঙ্গে আলোচনায় বসেন বাউজা। সেখানে উপস্থিত ছিলেন মেসির বার্সেলোনা-সতীর্থ, আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাচেরানোও।
প্রাথমিকভাবে অবশ্য মেসির সঙ্গে শুধু ফুটবল নিয়েই কথা হয়েছে বলে জানিয়েছিলেন বাউজা। তবে পরে জানিয়েছিলেন, মেসির জাতীয় দলে ফেরার সম্ভাবনাই বেশি।
সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত তিনটায় (আর্জেন্টাইন সময় শুক্রবার সন্ধ্যা ৬টা) দল ঘোষণার কথা ছিল আর্জেন্টিনা কোচের। তার আগে মেসির সঙ্গে কথা বলবেন জানিয়ে বলেছিলেন, ‘আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাচ্ছি না। বিকেলে দল ঘোষণার আগে ওকে ফোন করব।’
উত্তরটা ইতিবাচকই পেলেন বাউজা। সুখবর পেল আর্জেন্টিনাও। সূত্র: এএফপি, ইএসপিএন।