স্বর্ণ জিতেই রিও অলিম্পিক শেষ করেছেন মাইকেল ফেলপস। নিজের শেষ ইভেন্টে নতুন রেকর্ড গড়ে অলিম্পিক ক্যারিয়ারের ২৩তম স্বর্ণ পদক জিতেছেন বিশ্বের সর্বকালের সেরা সাঁতারু। আসরে যুক্তরাষ্ট্র তারকার এটি পঞ্চম স্বর্ণ। এছাড়া একটি রূপাও জিতেছেন তিনি।
পুরুষদের ৪০০ মিটার মেডলির দলীয় ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন ফেলপস ও তার সতীর্থরা। তিন মিনিট ২৭ দশমিক নয় পাঁচ সেকেন্ডে সাঁতার শেষ করেন তারা। রিওতে আর কোনো ইভেন্ট নেই ফেলপসের। আসরে নিজের শেষ ইভেন্টের পর টোকিও অলিম্পিকে খেলবেন না বলে আবারো জানিয়েছেন ৩১ বছর বয়সী ফেলপস।
অলিম্পিক ক্যারিয়ারে দুটি ব্রোঞ্জ ও তিনটি রৌপ্যসহ সব মিলিয়ে ২৮টি পদক জিতেছেন এ জলদানব। অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণ জয়ে তার কাছাকাছি নেই কেউ।
প্রথম ব্রিটিশ হিসেবে ট্র্যাকে তিনটি স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখালেন মো ফারাহ। রিও অলিম্পিকে ১০ হাজার মিটারের ফাইনালে স্বর্ণ পদক জিতেছেন ৩৩ বছর বয়সী এ অ্যাথলিট। এছাড়া টেনিসের নারী এককের ফাইনালে জিতে ক্যারিবিয়ান দ্বীপ-পুয়ের্তো রিকোকে অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন মনিকা পুইগ।
১৬ ল্যাপ বাকি থাকতে হোঁচট খেয়ে পড়ে গেলেও ২৭ মিনিট ৫ সেকেন্ডে সময় নিয়ে সবার আগে দৌঁড় শেষ করেন ফারাহ। আগামী সপ্তাহে পাঁচ হাজার মিটারের দৌঁড়ে অংশ নেবেন এ ইভেন্টে গত আসরের স্বর্ণজয়ী অ্যাথলিট। সেখানে গোল্ড মেডেল জিতলে ১৯৭৬ সালে ফিনল্যান্ডের ল্যাসে ভিরেনের পর প্রথম পুরুষ অ্যাথলিট হিসেবে অলিম্পিকে এক হাজার ও পাঁজ হাজার মিটার দৌঁড়ে স্বর্ণ পুনরুদ্ধারের বিরল কৃতিত্ব গড়বেন ফারাহ।
এদিকে, রিও অলিম্পিকের ৮ম দিনের খেলা শেষে ২৪টি স্বর্ণসহ ৬০টি পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।
এছাড়া রিও অলিম্পিকের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে সেলেকাওরা।
টানা কয়েকটি ম্যাচে নিষ্প্রভ থাকার পর অবশেষে জ্বলে উঠলেন ব্রাজিল ক্যাপ্টেন নেইমার। অসাধারণ এক ফ্রি-কিককে গোলে পরিণত করেন তিনি।
দলের দ্বিতীয় গোলটিতেও অবদান ছিল নেইমারের। কয়েকটি পাসে গড়া আক্রমনকে দুর্দান্ত দক্ষতায় জালে পাঠান লুয়ান।
যদিও ম্যাচটিতে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারই এক পর্যায়ে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। উত্তেজনা ঠাণ্ডা করতে রেফারিকে ৫টি হলুদ কার্ড দেখাতে হয়েছে। বুধবারের সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস।