ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ৩ সদস্যের পর্যবেক্ষক দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
শুক্রবার সকালে মাঠ পরিদর্শন শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ইসিবির নিরাপত্তা দল। এরপর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল ও অনুশীলন ম্যাচের ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম ঘুরে দেখেন তারা।
প্রতিবেদন বোর্ডে জমা দেয়ার আগে নিরাপত্তার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেবেন না তারা— এ কথা উল্লেখ করে ইসিবি ক্রিকেট অপারেশন্স পরিচালক জন কার সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তা বিষয়ে এখনই কোনো মন্তব্য করছি না। যুক্তরাজ্যে গিয়ে আমরা বোর্ডের কাছে রিপোর্ট জমা দেবো।’
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দীন চৌধুরী ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।
বাংলাদেশ সফরে চট্টগ্রামেও খেলা রয়েছে ইংল্যান্ড জাতীয় দলের— একটি টেস্ট ও একটি ওয়ানডে রয়েছে সফরসূচিতে।
চট্টগ্রামে খেলার সময় রেডিসন ব্লু হোটেলেই থাকার কথা দুই দলের ক্রিকেটারদের।