প্রথমবারের মতো অলিম্পিকে নারী ফুটবলের চ্যাম্পিয়ন হলো জার্মানরা। ফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে তারা।
মারাকানা স্টেডিয়ামে জেনিফার মারোজস্যানের গোল এগিয়ে দেয় জার্মানিকে। এরপর সুইডেনের লিন্ডা সেমব্রেন্ট আত্মঘাতি গোল উপহার দেন প্রতিপক্ষকে। সুইডেনের হয়ে ব্যবধান কমান স্টিনা ব্ল্যাকস্টিনাস।
এদিকে, নারীদের ফুটবলের ব্রোঞ্জও জুটলো না স্বাগতিক ব্রাজিলের। কানাডার কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ২-১ গোলে হেরেছে সেলেকাওরা।
এছাড়াও নারীদের ৪০০ মিটার রিলেতে স্বর্ণ গেছে যুক্তরাষ্ট্রে। ৩ মিনিট ২১.৪২ সেকেন্ডের ইভেন্টের স্বর্ণ জিতেছে মার্কিনীরা।
মেয়েদের পোল ভল্টে গ্রিসের একাতিরিনি স্টেফানিদি হয়েছেন সেরা। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যান্ডি মোরিস। ব্রোঞ্জ জিতেছেন নিউজিল্যান্ডের এলিজা ম্যাককার্টনি।
আর পুরুষদের হ্যামার থ্রোয়িঙে তাজিকিস্তানের দিলশুদ নাজারোভ জিতেছেন গোল্ড মেডেল।
প্রসঙ্গত, রিও অলিম্পিকের ১৫তম দিন শেষে মেডেল টেবিলে সর্বমোট ১০৫টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। ৩৮টি সোনা, ৩৫টি রুপা ও ৩২টি ব্রোঞ্জ এ পর্যন্ত দখল করেছে তারা।
দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য ও তৃতীয় অবস্থানে রয়েছে চীন।