জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো রিও অলিম্পিকের পুরুষ ফুটবলে স্বর্ণপদক জয় করেছে ব্রাজিল।
মেনস ফুটবলের ফাইনালে নেইমারের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় সেলেসাওরা। তবে ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার আগেই গোলে সমতায় ফেরে জার্মানরা।
অতিরিক্ত সময়েও নির্ধারণ হয়নি খেলার ফলাফল। পেনাল্টি শুট আউটে জার্মানির নিলস পিটারসেনের শট ব্রাজিলের গোলকিপার ঠেকিয়ে দেন। আর নেইমারের জয়সূচক গোলে টাইব্রেকে ৫-৪ ব্যবধানের জয় পায় স্বাগতিক ব্রাজিল।
প্রথম চার শটে দুই দলই গোল করার পর জার্মানির নিলস পিটারসেনের শট ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ওয়েভারটন। নেইমার গোল করতে পারলেই ব্রাজিল চ্যাম্পিয়ন। ব্রাজিলিয়ান ফুটবলে চির–আক্ষেপ হয়ে থাকা অলিম্পিকের সোনা। ‘চাপ’ কাকে বলে, নেইমারের কাছে জেনে সেই সংজ্ঞাটা নতুন করে লেখা হলো।
সেই চাপ জয় করে নেইমার গোল করলেন। ব্রাজিলিয়ান ফুটবলের রাজকুমারের পায়েই ঘুচল প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে যাওয়া সেই আক্ষেপ। অলিম্পিক ফুটবলের সোনা ব্রাজিলের। নেইমার তখন শুয়ে পড়েছেন মাঠে। চার বছর আগে লন্ডন অলিম্পিক ফুটবলের ফাইনাল শেষ হওয়ার পর ওয়েম্বলিতেও শুয়ে পড়েছিলেন। সেই নেইমার ছিলেন পরাজিত সৈনিক। এদিন তিনি বিজয়ী সেনাপতি।
অলিম্পিকে নেইমার ছিলেন ব্রাজিলের স্বপ্ন পূরণের কান্ডারি। টাইব্রেকারে জয়সূচক গোলটিও এল তাঁরই পা থেকে। অধরা স্বপ্ন হাতের ব্রাজিলীয়দের হাতের মুঠোয় এনে দিলেন নেইমারই।