বাংলাদেশ সফরে শুধু ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলকেই নয় বরং দেশটি থেকে আসা দর্শকদেরও সর্বাত্মক নিরাপত্তা দেয়া হবে— বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে নিরাপত্তার যে পরিকল্পনা দেয়া হয়েছে তার চেয়েও বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমি ইংল্যান্ড দলের ক্রিকেটার আর তাদের বোর্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের র্যা ব, পুলিশ আর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে। তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলটিকে।’
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপসহ আইসিসির অন্যান্য ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে নাজমুল হাসান পাপন বলেন, ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে সমস্যান হবে না।
তিনি আরো বলেন, ‘আমরা তাদের প্রতিনিধি দলের কার্যক্রম দেখেই বুঝেছিলাম যে বাংলাদেশ সফর নিয়ে তাদের কোনো শঙ্কা নেই। কারণ আমরা তাদের যে প্ল্যান দিয়েছি এতে তারা তাতে বেশ খুশি ছিল।’
এ সিরিজটি ভালোভাবে আয়োজন করতে পারলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো বাড়বে বলেও জানান বিসিবি সভাপতি। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, ইংল্যান্ড বাংলাদেশে খেলতে আসছে কি-না? তা নিয়ে শঙ্কার কালো মেঘ দুর হয়েছে ইসিবির নেয়া ইতিবাচক সিদ্ধান্তে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এবার বিসিবির সামনে চ্যালেঞ্জ সিরিজকে সফলভাবে সম্পন্ন করার।