ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ রান করে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড গড়লো ইংল্যান্ড। আর ইংলিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭১ রানের রেকর্ড গড়লেন ওপেনার অ্যালেক্স হেইলস। হেইলসের ম্যাচ জয়ী পারফরম্যান্সে, ১৬৯ রানের বিশাল জয় পেয়েছে ইংলিশরা।
নটিংহামে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন হেইলস। ১২২ বলে ১৭১ রান করে ইতিহাস গড়েন তিনি। দ্বিতীয় উইকেটে ২৪৮ রান যোগ করে পাকিস্তানের বিপক্ষে যেকোনো উইকেটে ইংলিশদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন জো রুট ও হেইলস। রুটের ব্যাট থেকে আসে ৮৫ রান।
এরপর ইংল্যান্ডের হয়ে ২২ বলে দ্রুততম ফিফটি করেন জস বাটলার। ফিফটি করেন এউইন মরগ্যানও। শেষ বলে বাউন্ডারিতে ভাঙে শ্রীলঙ্কার করা দশ বছরের পুরোনো রেকর্ড।
নেদারল্যান্ডসের বিপক্ষে করা লঙ্কানদের ৪৪৩ রানের স্কোর টপকে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ ৪৪৪ রানের নতুন রেকর্ড গড়ে ইংলিশরা।
জবাবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি পাকিস্তান। ৪২ ওভার ৪ বলে ২৭৫ রানে অলআউট হয় তারা। ১৬৯ রানে জিতে ইংল্যান্ড। ৩-০ তে এগিয়ে যাওয়ায়, পাঁচ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে ইংলিশদের।