স্কোয়াডে জায়গা পেলে বাংলাদেশ সফরে আসতে রাজি ইংলিশ ফাস্টবোলার স্টুয়ার্ট ব্রড। কঠিন হলেও বাংলাদেশে আসার সিদ্ধান্তই সঠিক বলে জানিয়েছেন তিনি।
সফরে আসলে ক্যারিয়ারের শততম টেস্ট বাংলাদেশের মাটিতে খেলবেন ব্রড। জুলাইয়ে গুলশানে সন্ত্রাসী হামলার পর ক্রিকেটাররা চিন্তা-ভাবনা করেই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, সিরিজের সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে স্নাইপার ও ট্যাঙ্কের উপস্থিতি থাকবে বলে ক্রিকেটারদের আশ্বস্ত করেছে ইসিবি ও বিসিবি। ঢাকা ও চট্টগ্রামে ক্রিকেটারদের হোটেলের চারপাশে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ‘রিং অব স্টিল’ নামে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে বলেও খবর বেরিয়েছে ইংলিশ গণমাধ্যমে।
তবে ওয়ানডে অধিনায়ক এউইন মরগ্যানসহ অন্য ক্রিকেটারদের কেউ, সিরিজ থেকে নাম প্রত্যাহার করছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইসিবি।