ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে নয় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়টাই লক্ষ্য— সেইসঙ্গে প্রথম ওয়ানডের ভুলগুলো দ্বিতীয় ওয়ানডেতে শুধরে নিতে চায় বাংলাদেশ দল।
মঙ্গলবার রাজধানীতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি।
এদিকে, অনভিজ্ঞতার কারণে নিশ্চিত জয়ের সুযোগ হেলায় হারানোয় হতাশ আফগান শিবিরের লেগস্পিনার রাশিদ খান জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে চান।
আগামীকাল- বুধবার দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
কেবল ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে নয় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জয়টাই লক্ষ্য দলনেতার কথাগুলো যে শুধু বলার জন্য বলা তা নয়। বাংলাদেশ টিম ঠিকই বুঝতে পারছে অল্পের জন্যই সিরিজের প্রথম ম্যাচে রক্ষা পেয়েছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে একের পর এক ভুলের জন্য মাশরাফি কোনো অজুহাতও দেননি।
প্র্যাকটিসেও টিমের সিরিয়াসনেসই বলে দিচ্ছে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না টাইগাররা।
মঙ্গলবার ওয়ার্ম আপ শেষে ব্যাটিং বোলিংয়ের অনুশীলন করতে মিরপুর ইনডোর স্টেডিয়ামের ছোট মাঠে চলে যায় দল।
এদিকে, দীর্ঘদিন ধরে সৌম্যর ব্যাটে রান নেই। যদিও অধিনয়াকের ভরসা এখনো রয়েছে সৌম্যর ওপর।
মাশরাফি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলে উঠতে আরও কিছু সময় দেয়া উচিত এই ওপেনারকে।
তবে মূল দলের সঙ্গে ছিলেন না তিন পেসার রুবেল, তাসকিন ও শফিউল ইসলাম। প্রথম ওয়ানডেতে শেষ দশ ওভারে তাসকিন ও রুবেল দুর্দান্ত বোলিং করলেও ম্যাচের বাকি সময়ে তাদের পারফর্মেন্স নজর এড়ায়নি কোর্টনি ওয়ালশের। মিরপুর স্টেডিয়ামের এক কোনায় এ দুজনকে নিয়ে নিবিড় অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্যারিবিয়ান বোলিং গ্রেট।
স্বাগতিকদের বিপক্ষে আরকেটু হলেই জয়ের পরিসংখ্যান বাড়িয়ে ফেলেছিল আফগানিস্তান। শেষপর্যন্ত জয় না পাওয়ার কারণ হিসেবে অনভিজ্ঞতাকেই দুষছে আফগান শিবির।
ম্যাচ পূর্ব ব্রিফিংয়ে দলের লেগ স্পিনার রশিদ খানের কণ্ঠেও তারই আভাস।
দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে আফগানিস্তানও।