ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড।
হোম অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা। অঘটনের শিকার হয়েছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটিও।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৬৯ মিনিটে অ্যান্তোনিয়ো মার্শালের গোলে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ৮২ মিনিটে জো অ্যালেন সমতায় ফেরান স্টোক সিটিকে। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ঘরের মাঠে মরিনিয়োকে প্রথম ড্র উপহার দেয় রেড ডেভিলরা। অন্য ম্যাচে দাঁড়াতেই পারেনি লিগের আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। টটেনহ্যামের কাছে হেরেছে ২-০ ব্যবধানে। অপর এক ম্যাচে সাউদাম্পটনের কাছে হেরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। আর বার্নলিকে ১-০ গোলে হারিয়ে লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে আর্সেনাল।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো স্প্যানিশ লিগেও অঘটনের রাতে এইবারের সঙ্গে ১-১ সমতায় ড্র করার কারণে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে সেল্টাভিগোর কাছে ৪-৩ ব্যবধানে হারের লজ্জা পেতে হয়েছে বার্সেলোনাকে। দিনের অপর ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-০ গোল হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ, আর ড্র হয়েছে স্পানিওল ও ভিয়ারিয়ালের ম্যাচ।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম থেকেই স্বাগতিক দর্শকদের হতাশ করে রিয়াল। শুরুতেই পিছিয়ে পড়ে জিদান শিষ্যরা। গ্যারেথ বেলের গোলে দ্রুত ম্যাচে সমতায় ফিললেও পয়েন্ট ভাগাভাগি করার ফলে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। অপর ম্যাচে অঘটনের শিকার হয়েছে জায়ান্ট বার্সেলোনা।
প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যেই তিন গোল হজম করতে হয় বার্সাকে। তবে ৫৮ মিনিটে জেরার্ড পিকে এবং ৬৪ মিনিটে নেইমারের গোলের পর ম্যাচে ফেরার আভাস দিলেও, ৭৭ মিনিটে পাবলো হার্নানদেজের গোলে আবারো পিছিয়ে পড়ে বার্সা। ৮৭ মিনিটে জেরার্ড পিকের গোলটি ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি কাতালানদের জন্য।