বাংলাদেশ টাইগারদের সামনে ৩১০ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে বড় রানের জন্য লড়তে হবে তাদের।
এর আগে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ৩০৯ রান করে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জেসন রয় ও জেমস ভিঞ্চে উড়ন্ত সূচনা পায় দলটি। প্রথম ৫ ওভারে ২৯ রান তুলে নেন তারা। অষ্টম ওভারে উইকেট দেখা পায় টাইগাররা।
শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়াডেতে টস জিতে ব্যাটিং করে তারা।
ঘরের মাঠে টাইগারদের সামনে বিশাল রানের স্কোর।
প্রথম ধাপের খেলা:
দলীয় ৪১ রানে শফিউলের বলে মাশরাফিকে ক্যাচ দিয়ে ফিরে যান ইংলিশ ওপেনার। আউটের আগে ২০ বলে ১৬ রান করেন ভিঞ্চ। আর অপর অন্যপ্রান্তে ব্যাটিং করতে থাকেন জেসন রয়। তাকে ফেরান সাকিব আল হাসান। তবে ৪০ বলে ৪১ রান করেন জেসন রয়। সাব্বিরের থ্রোয়ে আউট হয়ে বিদায় নেন জনি বেয়ারস্টো।
এরপর বেন স্টোকসকে নিয়ে জুটি বাধেন অভিষিক্ত বেন ডাকেট। ৫৫ বলে ৫০ রানের জুটি বেধে জোড়া আঘাতের ধাক্কাটা সামলান তারা। এরপর ৯৭ বলে একশ রানের জুটিও গড়েন তারা। এ জুটিতেই বড় রানের স্বপ্ন দেখছে সফরকারী দলটি।
মাত্র ৪৫ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন বেন স্টোকস। অর্ধশতক করার পর দুই দুইবার বেন স্টোকসের ক্যাচ ফেলে দেয় বাংলাদেশের ফিল্ডাররা। প্রথমে ৭০ রানে মাহমুদউল্লাহ রিয়াদ এরপর ৭২ রানে স্টোকসের সহজ ক্যাচ ফেলে দেন মোশররফ হোসেন রুবেল।
এরপর অর্ধশতক পূর্ণ করেন বেন ডাকেট। ৬৩ বলে পাঁচটি চারে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে পৌঁছান এ ব্যাটসম্যান। দলীয় ২১৬ রানে শফিউলের বলে বোল্ড হন ডাকেট। এর আগে ৭৮ বলে ৬০ রান করেন অভিষিক্ত এ ব্যাটসম্যান।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস— অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারেননি এ মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্যক্তিগত ১০১ রানে মাশরাফির বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে ফিরে যান স্টোকস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও চারটি বিশাল ছক্কা হাঁকান স্টোকস।
স্টোকসের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেননি মঈন আলীও। মাশরাফির বলে তামিমকে ক্যাচ দিয়ে আউট হন মঈন। এর আগে মাত্র ৬ রান করেন এই ব্যাটসম্যান। তবে শেষ চার ওভারে ঝড় তোলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
৩৩ বলে অর্ধশতক করেন বাটলার। শেষ পর্যন্ত ৩৫ বলে ৬২ রান করে সাকিবের বলে আউট হন এ ব্যাটসম্যান। অপরদিকে ১৬ রান করেন ক্রিস ওকস।
এর আগে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, টস জিতলেও তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন।
বাংলাদেশ দলে ফিরেছেন ইমরুল কায়েস বাদ পড়েছেন সৌম্য সরকার। এ ম্যাচে বাদ পড়েছেন নাসির হোসেন ও আল আমিন হোসেন।
ইংল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান বেন ডাকেট ও পেসার জেইক বলের।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।
নিয়মিত ওপেনার সৌম্য সরকার নেই ইংল্যান্ডের বিপক্ষে এ ওয়ানডেতে। তার জায়গায় তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন ইমরুল কায়েস। এছাড়াও মূল একাদশে জায়গা পাননি পেসার আল আমিন ও অলরাউন্ডার নাসির হোসেন। মাশরাফিসহ তিন পেসার ও স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন মোশাররফ হোসেন রুবেল। আর, ইংল্যান্ড একাদশে রেখেছে তাদের দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলীকে। এদিকে, স্টেডিয়াম সহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।