বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের ম্যাচে সহজ জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তবে ড্র করেছে ইংল্যান্ড।
নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জুলিয়ান ড্র্যাক্সলার ও সামি খেদিরার প্রথমার্ধের গোলে ২-০ ব্যবধানে জিতেছে জার্মানি। বাছাইয়ে প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় ছিনিয়ে নিয়ে সি-গ্রুপের শীর্ষে জার্মানরা।
গ্রুপের আরেক ম্যাচে আজারবাইজানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেক প্রজাতন্ত্র। গোলের দেখা পায়নি ইংল্যান্ডও। স্লোভেনিয়ার বিপক্ষে এফ-গ্রুপের ম্যাচে গোলরক্ষক জো হার্টের নৈপূণ্যে গোলহীন ড্র করেছে তারা।
মূল একাদশে ওয়েইন রুনিকে রাখেননি কোচ গ্যারেথ সাউথগেইট—তবে অন্য স্ট্রাইকারদের ব্যর্থতায় বাছাইয়ে টানা জয়ের রেকর্ড ধরে রাখতে পারেনি ইংলিশরা।
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল তবে হেরেছে আর্জেন্টিনা।
নিষেধাজ্ঞার কারণে নেইমার না খেললেও গ্যাব্রিয়েল জিসাস ও উইলিয়ানের গোলে ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল।
এছাড়া লিওনেল মেসির ইনজুরি ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। প্যারাগুয়ের ডেরলিস গঞ্জালেসের শটে ১-০ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে।
এরপর সার্জিও অ্যাগুয়েরোর পেনাল্টি ঠেকিয়ে প্যারাগুইয়ানদের জয় নিশ্চিত করেন গোলকিপার হুস্তো ভিয়ার।
দিনের আরেক ম্যাচে আর্তুরো ভিদালের জোড়া গোলে, পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে চিলি। তবে কলম্বিয়া-উরুগুয়ে ও বলিভিয়া-ইকুয়েডরের দুটি ম্যাচই ২-২ গোলে ড্র হয়েছে।