অল্পের জন্য শীর্ষে উঠতে পারলো না আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ড্রয়ের দিনে জয় পেলেও গোল ব্যবধানের কারণে দুই নম্বরেই আছে গানাররা।
ঘরের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে তুমুল লড়াই হয়েছে আর্সেনালের। থিও ওয়ালকটের জোড়া গোলে শুরুতেই লিড নেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সিগুর্দসনের গোলে বিরতির আগেই ব্যবধান কমায় সোয়ানরা। নিজের জন্মদিনে গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন মেসুত ওজিল। তবে ব্যাস্টনের গোলে ব্যবধান আবারো কমিয়ে নেয় সোয়ানসি।
এরপর গ্র্যানিট জাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদে পড়ে আর্সেনাল। তবে সোয়ানরা আর গোল করতে না পারলে ৩-২ এ জয় পায় গানাররা।
এদিকে, দুটি পেনাল্টি মিসের সুবাদে, এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
শীর্ষস্থান না হারালেও, এ ড্রয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্টে আর কোনো পার্থক্য থাকলো না ম্যানসিটির। আট ম্যাচে সমান ১৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথম স্থান ধরে রেখেছে সিটিজেনরা।
স্প্যানিশ লিগে বড় জয় পেয়েছে তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। তিন সপ্তাহ পর চোট কাটিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। গড়েছেন রেকর্ডও।
সাবেক অ্যাথলেটিক বিলবাও ফরওয়ার্ড তেলমো জারাকে টপকে লা লিগায় ঘরের মাঠে সর্বোচ্চ ১৮০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মেসি ছাড়াও, রাফিনিয়া দুটি ও লুইস সুয়ারেজ একটি গোল করেছেন। ৪-০ গোলে জিতেছে বার্সা। দিনের আরেক ম্যাচে রিয়াল বেতিসের জালে ছয়বার বল জড়িয়েছে রিয়াল মাদ্রিদ।
জোড়া গোল করেছেন ইস্কো। এছাড়াও গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন রাফায়েল ভারান, করিম বেনজেমা, মার্সেলো ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬-১ গোলের জয় পেয়েছে মাদ্রিদের দলটি।
এদিকে, গ্রানাদাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে মাদ্রিদের আরেক ক্লাব-অ্যাতলেটিকো মাদ্রিদ। ইয়ানিক কারাসকোর হ্যাটট্রিক ও গাইতানের জোড়া গোলে শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। অ্যাতলেটিদের হয়ে অন্য গোল দুটি করেছেন আংহেল কোরেয়া ও মেন্ডিস।