চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ২৭৩ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৮ উইকেটে ২২৮ রান। ক্যারিয়ারে ১৫তম বারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। এর আগে ২৪৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
সুবিধাজনক অবস্থানে থেকেই তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ তবে শুরুতেই সাকিব আল হাসানের কাণ্ডজ্ঞানহীন আউটে বিপর্যয়ের সূত্রপাত টাইগারদের। মাত্র ৪৭ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে লিড নেয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিলো, সে আশায় গুড়ে বালি। ২৪৮ রানে অলআউট হয় টাইগাররা। বেন স্টোকস ৪টি এবং মঈন আলী নেন ৩টি উইকেট।
৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ইংল্যান্ড। সাকিব, মিরাজের ঘুর্ণিতে গোলকধাধায় পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। লাঞ্চের আগেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।
অ্যালিস্টার কুককে মেহেদি হাসান মিরাজ, আর রুট ও ডাকেটকে বিদায় করেন সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারে দেড়শো উইকেট শিকারির তালিকায় নাম লেখান দেশসেরা এই অলরাউন্ডার।
উইকেট শিকারির ক্লাবে যোগ দেন তাইজুলও। সেট হওয়ার আগেই ব্যক্তিগত ৯ রানে গ্যারি ব্যালান্সকে আউট করেন তাইজুল। মঈন আলীকে ফিরিয়ে ৬২ রানেই ইংলিশদের পঞ্চম উইকেট তুলে নেন সাকিব।
তবে ৬ষ্ঠ উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ইংলিশদের লিড বাড়িয়ে নেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। ফিফটি থেকে ৩ রান দুরে থাকতে রাব্বির প্রথম শিকারে পরিণত হন বেয়ারস্টো।
আর সাকিবের বলে লেগ বিফোর হওয়ার আগে ৮৫ রান যোগ করেন স্টোকস।
আদিল রশিদকে ফিরিয়ে ক্যারিয়ারে ১৫তম বারের মতো ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাকিব। সেইসঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজে ম্যাথিউ হগার্ডকে পেছনে ফেলে সর্বোচ্চ ২৪ উইকেটের মালিক হলেন তিনি।
৮ উইকেটে ২২৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ইংল্যান্ড। ক্রিস ওকস ১১ ও স্টুয়ার্ট ব্রড অপরাজিত আছেন ১০ রানে।