প্রথম বৃটিশ খেলোয়াড় হিসেবে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করলেন অ্যান্ডি মারে। ১৯৭৩ সালে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয় র্যাংকিং নির্ধারণ পদ্ধাতি চালুর পর এ প্রথম কোনো বৃটিশ টেনিস খেলোয়াড় এক নম্বর স্থানে জায়গা করে নিলেন।
টানা ১২২ সপ্তাহ এক নম্বরে থাকা নোভাক জকোভিচকে টপকে শীর্ষে উঠতে যাচ্ছেন মারে। ইতিহাস রচনা করতে প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠলেই চলতো এ স্কটিশ তারকার।
চোটের কারণে প্যারিস মাস্টার্সের সেমি-ফাইনাল থেকে মিলোস রাওনিচ নাম প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালের টিকেট পেয়ে যান মারে।
এ বছর অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ের পাশাপাশি টেনিসের ৪টি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে উইম্বলডনের শিরোপা জেতেন এ বৃটিশ তারকা। এছাড়াও ১২টি ইভেন্টের ১১টিতেই জয় পান তিনি।
সোমবার আনুষ্ঠানিকভাবে র্যাংকিং আপডেট হবে। তবে এরইমধ্যে সাবেক টেনিস খেলোয়াড়, কোচ ও ভক্তরা মারেকে অভিনন্দন জানানো শুরু করে দিয়েছেন।
বৃটিশ গণমাধ্যমও স্কটিশ বংশোদ্ভূত মারেকে প্রশংসায় ভাসাচ্ছে।