বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টিতে আজকের একমাত্র ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৬টায় শুরু হবে খেলা।
শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট খুলনার। আসরের সেরা এগারো বোলারের চারজনই টাইটান্সের। শফিউল-জুনায়েদ-কেভন কুপারের পেস নৈপুণ্যে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে খুলনা।
এরইমধ্যে দুটি ম্যাচে শেষ ওভারে তাক লাগানো বোলিংয়ে দলকে নিশ্চিত হার থেকে জয় এনে দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তবে ব্যাটিংয়ে শীর্ষ দশের মধ্যে নেই খুলনার কেউ।
এদিকে, বরিশালের মূল শক্তি ব্যাটিংয়ে। মুশফিকুর রহিম-শাহরিয়ার নাফিসরা ঝড়ো ব্যাটিংয়ে পাঁচ ম্যাচের তিনটিতে বুলসদের জয় এনে দিয়েছেন। দেড়শর বেশি রান করে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আছেন দুজনেই।
তবে ডেভ হোয়াটমোরের শিষ্যদের বোলিংটা ভালো হচ্ছে না মোটেই। সেরা দশ বোলারে জায়গা করতে পারছেন না আল-আমিন-তাইজুলরা।