পয়েন্ট তালিকার শীর্ষ দল রংপুর রাইডার্সকে মাটিতে নামালো রাজশাহী কিংস। বিপিএল টি-টোয়েন্টির ৩য় পর্বের ম্যাচে রাজশাহীর কাছে ১২ রানে হেরেছে রাইডার্সরা। মৌসুমে এটি রংপুরের মাত্র দ্বিতীয় হার।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে, সাব্বিরের ৩১ ও জুনায়েদের ২৩ রানের ইনিংসে ভালো শুরু করে রাজশাহী। তবে ফর্মে ফিরে কিংসদের লড়াকু স্কোর গড়ে দেন উমর আকমল ও ড্যারেন স্যামি।
শেষ তিন ওভারে ৫২ রান তোলেন দুই জনে। আকমলের ৩০ বলে ৩৩ ও স্যামির ১৮ বলে ৪৪ রানের ঝড়ে, ৫ উইকেটে ১৬২ রান করে রাজশাহী। শহীদ আফ্রিদিকে ছাড়া খেলতে নেমে. বোলিংয়ের পর ব্যাটিংয়েও তার অভাব টের পেয়েছে রংপুর।
ওপেনার শেহজাদের মতো ব্যাটসম্যানরা ব্যর্থ হলে, একাই দলকে জেতানোর চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। ৩৬ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস আসে মিঠুনের ব্যাট থেকে।
তবে রাইডার্সদের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ১২ রানে জিতে রাজশাহী।