এসিসি উইমেনস টি-টোয়েন্টি এশিয়া কাপে শুরুটা ভালো হলো না বাংলাদেশের।
ব্যাংককে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে শক্তিশালী ভারতের কাছে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ২০ ওভার ব্যাটিং করে, ৬ উইকেটের বিনিময়ে, স্কোরবোর্ডে ১১৮ রান যোগ করে উইমেন ইন ব্লুরা। মিথালি রাজ ৪৯ আর মানধানা করেন ৪১ রান। ৪ ওভারে মাত্র ১২ রানে ২ উইকেট নেন টাইগ্রেস স্পিনার খাদিজাতুল কুবরা। পান্না ও নাহিদাও ভালো বোলিং করেন।
কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ১১৯ রানের টার্গেটটাই বড় হয়ে দাঁড়ায়। সর্বোচ্চ ১৮ রান আসে শায়লার ব্যাট থেকে। সালমা করেন ১৭ রান। অন্যরা দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জোশি তিনটি, এবং পাটিল ও গোস্বামী দুটি করে উইকেট নেন। ২৮ নভেম্বর টাইগ্রেসদের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে।