বিপিএল টি-টোয়েন্টিতে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো ঢাকা ডায়নামাইটস। ১৮৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর, রংপুরকে ১৪৬ রানের বেশি করতে দেননি সাকিবরা। ম্যাচসেরা হয়েছেন ডায়নামাইটস ওপেনার এভিন লুইস।
দলের নিয়মিত ওপেনার সাঙ্গাকারাকে বেঞ্চে বসিয়ে রেখে, মেহেদি মারুফের সঙ্গে এভিন লুইসকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ব্যাট করতে নেমে ঝড় তোলেন মেহেদি ও লুইস। ৯ ওভারেই ডায়নামাইটসদের খাতায় একশর বেশি রান যোগ করে ফেলেন দুজনে। ২১ বলে ফিফটি তুলে নেন লুইস। ৩৪ বলে করেন ৭৪ রান। অন্যপ্রান্তে ৩১ বলে ৪০ রান করেন মেহেদি।
এরপর সাকিবের ২৯, ব্রাভোর ১৬ ও মোসাদ্দেকের ১৪ রানে, ৭ উইকেটে ১৮৮ রান করে ঢাকা। পাহাড়সম স্কোর তাড়া করতে, শহীদ আফ্রিদিকে ওপেনিংয়ে নামায় রংপুর। পরে দুই বল খেলে শূণ্য রানে সাজঘরে ফেরেন আফ্রিদি। ব্যর্থ হন অন্যরাও। ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রংপুর।
তবে জিয়াউর রহমান ও সোহাগ গাজীর ৮৭ রানের জুটিতে হারের ব্যবধানটা কমাতে সক্ষম হয় রাইডার্সরা। গাজী ৩৬ আর ৬০ রান করেন জিয়া।