স্প্যানিশ কাপ-কোপা দেল রে'র শেষ বত্রিশের লড়াইয়ের প্রথম লেগে ড্র করেছে ফেভারিট বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচেই অ্যাতলেটিকো আর দ্বিতীয় লেগের ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে মেইনজ নাভারো বার্সার জালে বল পাঠালে, গোল উৎসবে মেতে ওঠেন তৃতীয় সারির ক্লাব হারকিউলিসের ফুটবলার ও সমর্থকরা। মিনিট ছয়েকের মধ্যে অ্যালেনার গোলে সমতায় ফিরলেও, মেসি-নেইমারদের ছাড়া জিততে পারেনি কাতালানরা। ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
এদিকে, বার্সা না পারলেও, জিতেছে মাদ্রিদের দুই ক্লাব। রোনালদো-বেইলরা না থাকলেও, মারিয়ানো মেহিয়ার হ্যাটট্রিকে, কালচারাল লিওনেসাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। মেহিয়া ছাড়াও গোল দিয়েছেন হামেস রদ্রিগেজ, জিদান তনয় এনজো এবং সেজার ওরতেগা।
প্রতিপক্ষের জালে ছয়বার বল জড়িয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদও। ইয়ানিক কারাসকোর জোড়া গোলে, গিউয়েলোকে ৬-০ গোলে ধরাশায়ী করেছে অ্যাতলেটিরা।