স্প্যানিশ লা লিগায় লুইস সোয়ারেজের জোড়া গোলে এস্পানিওলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ফলে রিয়ালের চেয়ে একম্যাচে বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে জায়ান্টরা। ৩৭ পয়েন্ট নিয়ে লিগ লিডার রিয়াল মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে লিড পেতে লিগ জায়ান্ট বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ১৮ মিনিট পর্যন্ত। আন্দ্রে ইনিয়েস্তার পাস থেকে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সোয়ারেজ। বিরতির পর আবারো স্পটলাইটে সোয়ারেজ।
ম্যাচে নিজের দ্বিতীয় গোলে এস্পানিওলের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর দু'মিনিট পরেই জর্ডি আলভার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০'তে। যদিও ডেভিড লোপেজের গোলে ব্যবধান কমিয়ে নেয় এস্পানিওল। তবে ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসির গোলে, ঘরের মাঠে দর্শকদের ৪-১ ব্যবধানের জয় উপহার দেয় বার্সা।
আরেক খেলায় ঘরের মাঠে একচেটিয়া প্রাধান্য ধরে রেখে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয় পায় দেপোর্তিভো।