সাফ নারী চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হবে খেলা— আরেক সেমিফাইনালে দুপুরে মোকাবেলা হবে নেপাল ও স্বাগতিক ভারতের।
মাত্র এক ম্যাচ খেলেই সেমিফাইনালের টিকেট পায় বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে লাল-সবুজরা।
ওই ম্যাচে একাই পাঁচ গোল করেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। পরের ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয় টাইগ্রেসরা।
শ্রীলঙ্কাকে ২-৫ গোলে আর ভূটানকে ৩-১ গোলে পরাস্ত করে এ-গ্রুপের রানার্স-আপ হয় মালদ্বীপ।
এদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শক্তিশালী নেপালের সঙ্গে সেমিফাইনালে লড়তে হচ্ছে না বাংলাদেশের। গ্রুপের তিনটি ম্যাচে ১৮ গোলের সুবাদে বড় জয় পাওয়া নেপালিদের লড়াই হবে তিনবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে।