নতুন করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না তৈরি হলে স্থগিত ২টি টেস্ট খেলতে এ বছরই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড।
সম্প্রতি অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে দেয়া সাক্ষাতকারে সাদারল্যান্ড জানিয়েছেন ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় তারা কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখেছেন। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিও তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
সব ঠিক থাকলে তাই এ বছরের আগস্ট-সেপ্টেম্বরেই বাংলাদেশ সফর হতে পারে বলে ধারণা সাদারল্যান্ডের। অস্ট্রেলিয়া সরকারের পরামর্শে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করেছিল সিএ।
জাতীয় দলের সফর পেছানোর পাশাপাশি, ২০১৬ সালের শুরুর দিকে একমাত্র ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশে কোনো দল পাঠায়নি তারা।