ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২৭ রানে হেরেছেন মাশরাফিরা। মাউন্ট মাউনগানুইতে স্বাগতিকদের দেওয়া ১৯৫ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে, ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে বাংলাদেশ।
টস হারলেও, উইলিয়ামসন-নিশাম গড়েন ৩৪ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করে ব্ল্যাক ক্যাপরা। পঞ্চম ওভারে নিশাম আর মুনরোকে সাজঘরের পথ দেখিয়ে দেন রুবেল। কিছুক্ষণের মধ্যে মোসাদ্দেকের বলে বিদায় নেন ব্রুসও।
এরপর অ্যান্ডারসন-উইলিয়ামসনের ১২৪ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৬০, আর হার না মানা ৯৪ রান করেন অ্যান্ডারসন। তিন উইকেট নেন রুবেল। জবাবে সৌম্য-তামিমের ৪৪ রানের ওপেনিং পার্টনারশিপে শুরুটা দারুণ হয় বাংলাদেশের।
তামিম ২৪ রান করে আউট হলেও, দীর্ঘদিন পর ফর্মে ফিরে সৌম্য করেন ৪২ রান। তবে পরপর সৌম্য-সাব্বিরের বিদায়ে ম্যাচ হাত থেকে ফসকে যায় বাংলাদেশের। শেষদিকে সাকিবের ৪১ রানে কিছুটা লড়াই করলেও, জিততে পারেনি টাইগাররা।