ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৩০৩ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। এর আগে ৮ উইকেটে ৫৯৫ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
৭ উইকেটে ৫৪২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন আগের দিন ১০ রানে অপরাজিত থাকা সাব্বির রহমান। লাঞ্চের আগে ৮ উইকেটে ৫৯৫ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। জবাব দিতে নেমে, ভালো শুরু করে কিউইরা।
ব্যক্তিগত ২৭ রানে ওপেনার জিত রাভালকে সাজঘরে পাঠান কামরুল ইসলাম রাব্বি। ফিফটি করে তাসকিন আহমেদের বলে কট বিহাইন্ড হন কেন উইলিয়ামসন। এরপর রস টেইলরকে ব্যক্তিগত ৪০ রানে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন রাব্বি।
অপর প্রান্তে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লাথাম। দিন শেষে লাথাম ১১৯ ও নিকোলস অপরাজিত আছেন ৩৫ রানে।