প্রথম ক্রিকেটার হিসেবে টানা চার টেস্ট সিরিজে ডবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অধিনায়কের দ্বিশতকে ভর করে, প্রথম ইনিংসে পাঁচশ রানের কোটা পেরিয়েছে টিম ইন্ডিয়া। ৫ উইকেটে হারালেও এরই মধ্যে ৫৪৪ রান করে ফেলেছে স্বাগতিকরা।
রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ১১১ রানে কোহলি এবং ৪৫ রান নিয়ে ব্যাট করতে নামেন রাহানে। রানের গতি কমানোর চেষ্টা করলেও, কোহলি-রাহানের আগ্রাসী ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি তাসকিন, মিরাজ, রাব্বিরা।
দিনের প্রথম সেশনই দেড়শো করে ফেলেন কোহলি। ফিফটি তুলে নেন রাহানে। চতুর্থ উইকেটে দুজনে গড়েন দুইশো রানের জুটি। লাঞ্চের আগে, ৮২ রান করা রাহানেকে তাইজুল আউট করলে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ দল। যদিও এরপর দুটি সুযোগ পেয়েও উইকেট নিতে ব্যর্থ হয় সফরকারিরা।
একপ্রান্ত আগলে টানা চতুর্থ টেস্ট সিরিজে দ্বিশতক তুলে, ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলেন কোহলি। ২০৪ রান করে তাইজুলের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান তিনি।