চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বেশ বড় ধাক্কা খেয়েছে টপ ফেবারিট বার্সেলোনা।
প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলের হার সঙ্গী হয়েছে তাদের। জোড়া গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্যম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়েছে বেনফিকা।
এ হারের ফলে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে কাতালোনিয়ার জায়ান্টদের। পরের রাউন্ডে উঠতে হলে দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে অন্তত ৫ গোলের ব্যবধানে জিততে হবে লুইস এনরিকের বার্সার।
চ্যাম্পিয়ন্স লিগে এর আগের নয়বারের দেখায় মাত্র তিনবার বার্সেলোনাকে হারাতে পেরেছিল ফ্রেঞ্চ ক্লাব পিএসজি।
সেই ক্লাবটিই এ ম্যাচে বার্সার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে পুরো ৯০ মিনিট।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়া বড় মঞ্চে জ্বলে উঠেছেন জোড়া গোল করে। পিএসজির হয়ে বাকি দুটি গোল করেছেন জুলিয়ান ড্যাক্সলার ও এডিনসন কাভানি।