ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালকে গুড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শেষ ছয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্ব থেকেই বাদ পড়েছে আর্সেনাল। এর মধ্যে দুই বার বিদায়, বায়ার্নের কাছে হেরে।
অ্যালিয়েঞ্জ অ্যারিনায়, আরিয়েন রোবেনের ২৫ গজ দূর থেকে নেয়া শটে পিছিয়ে পড়ে আর্সেনাল। অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি মিস করলেও, তার ফিরতি শটেই বিরতি পর্যন্ত সমতা ধরে রেখেছিল গানাররা। দ্বিতীয়ার্ধে কোশিয়েলনি চোট পেয়ে মাঠ ছাড়লে, আরো চারটি গোল করে মিউনিখের ক্লাবটি। আলকান্তারা দুটি এবং লেভানদস্কি ও মুলার একটি করে গোল করেন। ৫-১ গোলের এই হারের ফলে, কোয়ার্টার ফাইনালে খেলা প্রায় অসম্ভব আর্সেনালের।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও, নাপোলির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে, ইনসিনের অসাধারণ গোলে আট মিনিটের ভেতর পিছিয়ে পড়েও জিতেছে রিয়াল।
বেনজিমা, ক্রুস ও ক্যাসেমিরোর গোলে, শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে স্বাগতিকরা। নিজে গোল না পেলেও, দলের আক্রমণ শানিয়ে রাখার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।