ছেলেদের পর এবার রোল বল বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরাও। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এক ম্যাচে একাই পাঁচ গোল করে রেকর্ড গড়েছেন টাইগ্রেস ক্যাপ্টেন হিয়া।
শেষ মুহূর্তে সূচি পরিবর্তনের ফলে আজ মেয়েদের খেলার আগেই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশের ছেলেরা। গতকাল হংকংয়ের বিপক্ষে ১৯-১ গোলের বিশাল জয়ের পর, আজ ২য় ম্যাচে ভূটানকে ৯-২ গোলে হারায় স্বাগতিকরা। চারটি করে গোল করেন হৃদয় ও আরাফাত। লাল-সবুজদের অন্য গোলটি করেন সোহাগ।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হয় বাংলাদেশের মেয়েদের খেলা। অধিনায়ক জান্নাত জেবিন হিয়ার আক্রমণাত্মক পারফরম্যান্স কিছুক্ষণের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লাল-সবুজরা। কয়েকটি দারুণ সেইভ করেন বাংলাদেশের গোলরক্ষক।
দলীয় প্রচেষ্টায় ৮-২ গোলের জয় তুলে নেয় টাইগ্রেসরা। ম্যাচ শেষে ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানান বাংলাদেশ ক্যাপ্টেন হিয়া।